দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে এমন আমূল পরিবর্তন আনা হবে, যাতে চিকিৎসার জন্য কোনো রোগীকে ভারতে যেতে না হয়। দেশের চিকিৎসকদের মেধা ও দক্ষতা কোনো অংশেই কম নয়। তাই দেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে। তবে বিগত আওয়ামী লীগ সরকার সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতকে পুরোপুরি ভেঙে দিয়েছে। জনবল ছাড়াই লুটপাটের উদ্দেশ্যে কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, যা এখন ভাঙারির কাছে বিক্রি করতে হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন করা হবে। পাশাপাশি চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা হবে। আগামী দুই বছরের মধ্যে দেশের মানুষের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
এ সময় সাধারণ মানুষকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট ও কথিত রাজাকাররা একত্র হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, অস্ট্রেলীয় হাইকমিশনের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশনের ফার্স্ট সেক্রেটারি সাঈদ হায়দার, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ এবং জেলা সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা শক্তি মোবাইল হেলথ ক্লিনিকের ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এমএস/